উত্তরকোণ

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

স্টাফ রিপোটার ঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় স্বনির্ভর গ্রাম সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনের কাজ করছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থার পাঁচটি স্তরের সঙ্গে নতুন একটি স্তর হিসেবে গ্রাম সরকার যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া আগামী জানুয়ারি থেকে ধাপে ধাপে দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার হোটেল মম ইন-এ বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। গণতন্ত্রের সৌন্দর্য রক্ষায় দুই পক্ষের নিজস্ব অবস্থান ও ভূমিকা থাকবে। তবে ফ্যাসিবাদের প্রশ্নে সবাই এক। ‘বাংলাদেশের মানুষ, সরকারি দল এবং বিরোধী দল ফ্যাসিবাদের ব্যাপারে সংসদে এবং সংসদের বাইরে একমত হয়েছি। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য সরকারি দল ও বিরোধী দল যার যার অবস্থান থেকে যা-ই করুক না কেন, ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই এক। গতকাল সংসদে এ বিষয়ে ঐকমত্য হয়েছে।’ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির বিষয়ে কথা বলা এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক থাকা উচিত। দলটি নিয়ে সংবাদ প্রকাশ না করলেও তা বড় কোনো অপরাধ হবে না বলে মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাদের দেশে ফেরা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসবের মধ্য দিয়ে বিভিন্নভাবে নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের আইনের ৪৭ অনুচ্ছেদে অভিযুক্ত ব্যক্তিদের অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা সাধারণ নাগরিকের মতো সব সুবিধা পাবেন না। যে আইন তারা নিজেরাই করে গিয়েছিল, এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে। জুলাই-আগস্টে দেশে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, শেষ পর্যন্ত এ দেশের মাটিতেই তার বিচার হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে পাঁচটি ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে। প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এ নির্বাচনের তফসিল ১০ ডিসেম্বর ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন হতে পারে ৪ অথবা ৬ ফেব্রুয়ারি। বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ এর সভাপতিত্ব প্রধান বক্তা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, বাসস পরিচালনা বোর্ডের সদস্য মোজাম্মেল হক লালু, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ অনেকে। সংগঠনের সাধারণ সম্পাদক মেহেরুল সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ আটজনকে মরণোত্তর সম্মাননাসহ মোট ১৪ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়।

শেয়ার: