নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের কাতারপ্রবাসীর পাঠানো টাকায় ইজারা নেওয়া পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরের প্রায় ১২০ মণ মাছ মারা গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। মাছ মরে পানিতে ভেসে ওঠার পর পুকুরপাড়ে বসে আহাজারি করছেন প্রবাসীর বাবা মতিউর রহমান। ছেলের কষ্টার্জিত অর্থে গড়ে তোলা মাছ চাষের স্বপ্ন এভাবে শেষ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়, কাতারপ্রবাসী আব্দুর ওহাবের পাঠানো অর্থে তাঁর বাবা মতিউর রহমান তিন বছরের জন্য আতাউর রাজ্জাকের কাছ থেকে একটি পুকুর ইজারা নেন। পুকুরটি ইজারা নেওয়ার পর থেকেই পার্শ্ববর্তী সাদেকুল ইসলাম মাছ চাষ না করার জন্য চাপ দিয়ে আসছিলেন। মাছ ছাড়লে বিষ প্রয়োগ করে মেরে ফেলার হুমকি দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন মতিউর রহমান। মতিউর রহমানের অভিযোগ, গত ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে পুকুরে বিষ প্রয়োগ করেন অভিযুক্তরা। এতে পুকুরের প্রায় ১২০ মণ মাছ মারা গিয়ে পানিতে ভেসে ওঠে। এতে তাঁর প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় সাদেকুল ইসলাম ও তাঁর ছেলে তাহের উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মতিউর রহমান (৬১)।
পুকুরের মালিক আতাউর রাজ্জাক বলেন, জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে তিনি পুকুরটি মতিউর রহমানকে ইজারা দিয়েছেন। মতিউরের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। বিরোধ তাঁদের সঙ্গে থাকলেও বিষ প্রয়োগ করে মতিউরের ইজারা নেওয়া পুকুরের সব মাছ মেরে ফেলা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কাতারপ্রবাসী আব্দুর ওহাব মুঠোফোনে বলেন, প্রবাসে অনেক কষ্ট করে উপার্জন করা টাকা দেশে পাঠাতেন তিনি। সেই টাকা দিয়ে তাঁর বাবা পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। দেশে ফিরে ভালোভাবে বসবাস করার স্বপ্ন নিয়ে এই উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলায় তাঁদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে জানতে সাদেকুল ইসলামের বাড়িতে গেলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উত্তরকোণ
নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

