উত্তরকোণ

রাজশাহীতে মাদক কারবারের মূল হোতাদের ধরার নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর, সৌরবিদ্যুৎ উৎপাদনে লক্ষ্যমাত্রা ৭০ মেগাওয়াট

রাজশাহীতে মাদক কারবারের মূল হোতাদের ধরার নির্দেশ বিদ্যুৎমন্ত্রীর, সৌরবিদ্যুৎ উৎপাদনে লক্ষ্যমাত্রা ৭০ মেগাওয়াট

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মাদক চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতা ও পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মাদক দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য বড় হুমকি। শুধু মাদকসেবী কিংবা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক সরবরাহ, চোরাচালান ও ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে পাড়া-মহল্লায় খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে। প্রতিটি এলাকায় খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্পৃক্ত করে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বৈশ্বিক জ্বালানি সংকট প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহব্যবস্থা চাপে রয়েছে। এ পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সৌরবিদ্যুৎ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের একটি সাশ্রয়ী ও টেকসই উৎস।
তিনি জানান, আগামী গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা মেটানো ও লোডশেডিং কমাতে সরকার দেশব্যাপী ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে রাজশাহীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে। সরকারি কার্যালয়, উপজেলা প্রশাসন, থানা, পৌরসভা ও সিটি করপোরেশনের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনেরও আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, নেট মিটারিংয়ের মাধ্যমে ছাদে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব। এতে গ্রাহক আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি সরকারের বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও কমবে। সৌরবিদ্যুতের প্রতি ইউনিট উৎপাদন ব্যয় ৬ থেকে ৬ টাকা ৫০ পয়সা হলেও জাতীয় গ্রিডে সরবরাহের ক্ষেত্রে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাওয়ার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, গত আট মাসে বিদ্যুৎ খাতে প্রায় ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে সরকারের বিপুল অর্থ সাশ্রয়ের পাশাপাশি বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে। এ জন্য বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করেন স্লোগানে দেশব্যাপী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত প্রভাবশালী চক্র ও অবৈধ অর্থের জোগানদাতাদের চিহ্নিত করতে হবে। সীমান্তবর্তী বিভিন্ন রুট দিয়ে মাদক প্রবেশ ও সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। কেউ যেন রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক প্রভাব খাটিয়ে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভূমিমন্ত্রী আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা জরুরি। এ লক্ষ্যে রাজশাহী ও চট্টগ্রামে দুটি আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ, বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মোঃ শামীম হোসেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার: