উত্তরকোণ

জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: রাসিক প্রশাসক

জনগণের সেবায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: রাসিক প্রশাসক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সরকারি চাকরি কেবল একটি পেশা নয়, বরং দেশ ও জনগণের সেবা করার গুরুত্বপূর্ণ সুযোগ। তাই দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগর ভবনের সরিৎ দও গুপ্ত সভাকক্ষে রাজশাহী বিভাগে নবযোগদানকৃত ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে রাজশাহী সিটি কর্পোরেশন। মাহফুজুর রহমান রিটন বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের মেধা, যোগ্যতা, নতুন চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে হবে। সভায় বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
এ সময় রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনসহ ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।

শেয়ার: