উত্তরকোণ

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের আশ্বাস

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থীর আত্মসমর্পণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের আশ্বাস

সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের চরমপন্থী কর্মকাণ্ডের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থী নেতা ও সদস্য। আত্মসমর্পণকারীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে সরকার। ‘নতুন পথে প্রত্যাবর্তন’ স্লোগানকে সামনে রেখে রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জে এসআরবি-১২ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন, পাবনার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন। আত্মসমর্পণকারীরা নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা), জনযুদ্ধ, সর্বহারা, কাদামাটি পার্টি ও নকশালপন্থী বিভিন্ন সংগঠনের আঞ্চলিক নেতা ও সদস্য। এসব গোষ্ঠীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয়ে তাঁরা এসব কর্মকাণ্ড থেকে সরে আসার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমীন এমপি। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, এসআরবি ফোর্সেসের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার শাহানা আকতার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরবি-১২-এর অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিল এসআরবি-১২। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আশ্বাস দেওয়া হয়।

শেয়ার: