শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ ভবন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন অনুষ্ঠানের বক্তারা। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক অমল কুমার সাহা ও কর্মচারী মনছুর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বুধবার (২৮ অক্টোবর) বেলা ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মোরশেদ মিলটন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মজিদ প্রামাণিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি এবং শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল। এ ছাড়া উপজেলা বিএনপির সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাবেক আহ্বায়ক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক অমল কুমার সাহা ও কর্মচারী মনছুর রহমানের দীর্ঘ কর্মজীবনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের সুস্থতা ও সুন্দর অবসরজীবন কামনা করে সংবর্ধনা দেওয়া হয় এবং উপহার তুলে দেওয়া হয়।
উত্তরকোণ
শাজাহানপুরে স্কুলের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোরশেদ মিলটন

