উত্তরকোণ

সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল নিয়ে তদন্ত, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের মালামাল নিয়ে তদন্ত, কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্যচাষ প্রকল্পের ৬৫টি সিমেন্টের খুঁটি ও প্রায় ৭৫০ ফুট কাঁটাতার জব্দ করা হলেও সেগুলো বহনে ব্যবহৃত ট্রাকটি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে উধাও হয়ে গেছে। সোমবার (২৬ অক্টোবর) মালামাল সরানোর অভিযোগের তদন্তের দিন ট্রাকটি সেখানে না থাকায় এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে খুঁটি ও কাঁটাতার ইউনিয়ন পরিষদে রয়েছে। উপজেলার সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া জানান, তিনি ট্রাকসহ মালামাল নিজের জিম্মায় রেখেছিলেন। ট্রাকের চাবি রাখা হয়েছিল স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম জিন্নাহর কাছে। সোমবার পরিষদে গিয়ে তিনি ট্রাকটি দেখতে পাননি। প্যানেল চেয়ারম্যান জানান, ট্রাকচালকের সঙ্গে মোটা অঙ্কের লেনদেনের পর ট্রাকটি নিমগাছী ট্রাক শ্রমিক সমিতির উপদেষ্টা সিরাজুল ইসলাম তোতার জিম্মায় রাখা হয়। স্থানীয়দের অভিযোগ, রোববার রাতেও ট্রাকটি পরিষদ চত্বর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে সিরাজুল ইসলাম তোতা দাবি করেন, তাঁর ট্রাকে কোনো অবৈধ মালামাল বহন করা হয়নি। ট্রাকটি তাঁদের জিম্মায় রয়েছে এবং প্রয়োজন হলে হাজির করা হবে। নিমগাছি মৎস্য প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সোমবার রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের গঠিত কমিটি প্রকল্প কার্যালয়ে শুনানি ও সরেজমিন তদন্ত করে। এ সময় কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। তদন্ত কমিটির সদস্যরা জানান, খুঁটি ও কাঁটাতার সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত অর্থে তৈরি, তা নথিপত্র যাচাই করে দেখা হবে। এদিকে জব্দ করা মালামাল ইউনিয়ন পরিষদে থাকা অবস্থায় ট্রাকটি কীভাবে ও কার অনুমতিতে সরানো হলো, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শেয়ার: