উত্তরকোণ

সিরাজগঞ্জের অটোরিক্সা চালক হত্যা: দুই বছর পর রহস্য উদ্ঘাটন,আসামী গ্রেফতার

সিরাজগঞ্জের অটোরিক্সা চালক হত্যা: দুই বছর পর রহস্য উদ্ঘাটন,আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশাচালক কছিম উদ্দিন (৪৮) হত্যা মামলার রহস্য প্রায় দুই বছর তিন মাস পর উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই ও মামলার প্রধান আসামি আব্দুল মালেক (৪৫) এবং তাঁর সহযোগী কাকলী রানীকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ১ জুলাই উপজেলার নিমগাছি এলাকায় নিমগাছি-শালিয়াগাড়ী সড়কের উদয়দিঘী বড় সেতুর কাছে কছিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। সে সময় অটোরিকশা ছিনতাইয়ের বিষয়টি সামনে এলেও দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধের তথ্য পায় পুলিশ। গত ২৩ অক্টোবর নিমগাছি এলাকা থেকে আব্দুল মালেককে এবং পরদিন কাকলী রানীকে গ্রেপ্তার করা হয়। কাকলী প্রায় ১০ বছর ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আব্দুল মালেক পুল্লা গ্রামের মৃত শরিফুল ইসলামের ছেলে।  রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরেই কছিম উদ্দিনকে হত্যা করা হয়েছে। আব্দুল মালেক আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার: