সিরাজগঞ্জ প্রতিনিধি: বাজারে মাছ কিনতে এসে হঠাৎ চোখ আটকে যায় ক্রেতাদের। সামনে পড়ে আছে বিশাল আকৃতির একটি মাছ। ওজন ২০ কেজি, মাছটি দেখতে ভিড় জমাতে থাকেন উৎসুক মানুষ। কেউ দাঁড়িয়ে দেখছেন, কেউ আবার দাম ও ওজন জানতে চাইছেন। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের সলঙ্গার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে এমন দৃশ্য দেখা যায়। বাজারে ওঠা বিশাল আকৃতির মাছটি ব্লাড কার্প। পরে ১০ জন মিলে ১০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি ঘিরে বাজারে ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় বাড়তি কৌতূহল।
মাছ ক্রেতা বাবু, হাবিবুল্লাহ, ফরিদুল ও রাশিদুল জানান, তাঁরা ১০ জন মিলে মাছটি কিনেছেন। বড় আকৃতির মাছটি বাজারে আসায় অন্য ক্রেতারাও সেটি দেখতে ভিড় করেন। মাছ বিক্রেতা শিপন ও হাসান আলী জানান, তাঁদের নিজেদের পুকুরে চাষ করা চারটি ব্লাড কার্প মাছ বড় হয়েছে। প্রতিটি মাছের ওজন ১৯ থেকে ২০ কেজি। এর মধ্যে তিনটি মাছ সলঙ্গার আড়তে নিয়ে বিক্রি করেছেন তাঁরা। সাহেবগঞ্জ বাজারে এত বড় মাছ ওঠায় স্থানীয় ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। মাছটি কেনাবেচাকে কেন্দ্র করে বাজারে তৈরি হয় প্রাণচাঞ্চল্য।
উত্তরকোণ
সিরাজগঞ্জের সাহেবগঞ্জ বাজারে ২০ কেজি ওজনের মাছ ঘিরে ক্রেতাদের ভিড়

