স্টাফ রিপোটারঃ বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা বলেছেন, বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও কারিগরি দক্ষতা বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শিক্ষিত বেকারত্ব কমাতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মমুখী ও কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং বেকারত্ব কমাতে কর্মমুখী ও কারিগরি শিক্ষার বিকল্প নেই। শিক্ষিত বেকারের হার কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছেন। বর্তমান সরকার এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট দিয়েছেন। ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শহিদুর রহমান এর সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি শহিদ উন নবী সালাম। আরো বক্তব্য রাখেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন সাখাওয়াত চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল করিম, প্রফেসর আব্দুল করিম, সহযোগী অধ্যাপক অরুপ কুমার কুন্ডু, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান এবং সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এমপি রেজাউল করিম বাদশা আরো বলেন, শিক্ষিত ও মানবিক জনশক্তিই রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি। তাই শিক্ষাকে জাতি গঠনের সবচেয়ে বড় রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে দেখতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে এমপি রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, বরং যোগ্য, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার মাধ্যম। জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রম, সততা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই। শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাসসহ সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
উত্তরকোণ
বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে -এমপি বাদশা

