মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে শুরু হয়েছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬। সোমবার সকালে রাজশাহী টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে ছয় দিনব্যাপী এ আন্তর্জাতিক আসরের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী। ১০ দেশের শতাধিক তরুণ খেলোয়াড়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় রাজশাহী হয়ে উঠেছে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের মিলনমঞ্চ।
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। ৫ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্ট আয়োজন মর্যাদার বিষয়। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি করে। খেলাধুলা শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও প্রতিকূলতা মোকাবিলার সাহস গড়ে তোলে বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজকরা জানান, বালক এককে শীর্ষ র্যাংকিংয়ে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল (আইটিএফ র্যাংকিং ১,০৫৯) এবং বালিকা এককে ভারতের শেখ শাজফা (২,০৪৫)। বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড় মূল ড্রয়ে লড়বেন। রাজশাহীর পাঁচ খেলোয়াড়ের মধ্যে রাকিন রহমান ও বকুল আলী মেইন ড্রয়ে খেলবেন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট রেফারির দায়িত্ব পালন করছেন ভারতের হোয়াইট ব্যাজ রেফারি জয় মুখার্জী।
উত্তরকোণ
রাজশাহীতে ১০ দেশের শতাধিক খেলোয়াড়ের টেনিস লড়াই

