উত্তরকোণ

রামেকে ডেঙ্গুতে দুদিনে দুজনের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে দুদিনে দুজনের মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গত ৪৮ ঘণ্টায় তাঁদের দুজনেরই মৃত্যু হয়। কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। রবিবার (৪ অক্টোবর) রামেক হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। বর্তমানে হাসপাতালটিতে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৩ অক্টোবর সকাল ৭টা ১৮ মিনিটে ডেঙ্গু শক সিন্ড্রোমে মারা যান মোঃ সাদেক (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ২ অক্টোবর সকাল ৯টা ৫৭ মিনিটে মারা যান মোসাঃ মারজিনা বেগম (৫৯)। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এই গৃহিণী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর মৃত্যুর কারণও ডেঙ্গু শক সিন্ড্রোম বলে উল্লেখ করা হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন রোগী ভর্তি হলেও ৬১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

শেয়ার: