মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত করতে পারলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বহুগুণ বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেছেন, সীমিত সম্পদ দিয়ে কম সময়ে মানসম্মত পণ্য ও সেবা উৎপাদন এবং অপচয় রোধই প্রকৃত উৎপাদনশীলতা। শুক্রবার জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল, উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়। জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক ও খনিজ সম্পদের সীমাবদ্ধতা থাকলেও বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার জনগোষ্ঠী। অদক্ষ শ্রমশক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদেশে দক্ষ জনশক্তি পাঠানো গেলে রেমিট্যান্সও কয়েক গুণ বাড়তে পারে। রাজশাহীর সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, আম ও মৎস্যভিত্তিক খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা গেলে কর্মসংস্থান ও রপ্তানি বাড়বে। হাইটেক পার্ক ও পর্যটন খাতেও তরুণ উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে।
এআই, অটোমেশন ও আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে তরুণদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি চাকরিপ্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিসিক কর্মকর্তাসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
দক্ষ জনশক্তিই উৎপাদনশীলতার বড় শক্তি; প্রযুক্তি-উদ্ভাবনে গুরুত্ব জেলা প্রশাসকের

