উত্তরকোণ

বগুড়ায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নিয়ে পরামর্শ সভা

বগুড়ায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নিয়ে পরামর্শ সভা

বগুড়ায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নদীর তীর সংরক্ষণ, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা, সেচ সুবিধা সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী দখল-দূষণ রোধসহ বিভিন্ন বিষয়ে সভায় মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা। ২৮ সেপ্টেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এর সভাপতিত্বে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা  এমপি। সভায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শহরের ঘরবাড়ি ও স্থাপনা রক্ষার পাশাপাশি নদীর তীর সংরক্ষণ, দখল ও দূষণ বন্ধ এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়ন করা গেলে নদীকেন্দ্রিক কৃষি, পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার সেচ সুবিধা বাড়ানো এবং বন্যার ঝুঁকি কমাতেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে। সভায় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প নিয়ে মতামত দেন। নদী দখল ও দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়া সভায় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার: