উত্তরকোণ

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নাচে-গানে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঐতিহ্যবাহী কারাম উৎসব। গত বুধবার বিকালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগীতায় জাতীয় আদিবাসী পরিষদ এ উৎসবের আয়োজন করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ উৎসব উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। উদ্বোধনের পরেই বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী পুরুষ দলবেধে তাদের নিজস্ব সংস্কৃতির নাচ গান পরিবেশন করে। তাদের নাচ গান আর মাদলের শব্দে মুখরিত হয়ে ওঠে নজিপুর উচ্চ বিদ্যালয় মাঠ। কারাম বা ডাল পূজা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস মতে কারাম পূজা করা হয় মূলত প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা ও পরিবারের মঙ্গলের জন্য। রোপা আমন লাগানোর পর অবসর সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন পূজা অর্চনা ও দলবেধে নাচ-গান করে কারাম উৎসব পালন করেন। ভাদ্র মাসের চাঁদের ১০ দিন পর কারাম পূজা করা হয়ে থাকে। অনেকে আবার এই চাঁদের পূর্ণিমাতে এই উৎসব পালন করেন। আবার কেউ কেউ আশ্বিন মাসের একাদশীতে এই উৎসব পালন করে থাকেন। স্থান ও গোত্র ভেদে ভিন্ন ভিন্ন তিথিতে এই উৎসব পালন করা হলেও কারাম পূূজার মূল আনুষ্ঠানিকতা প্রায় অভিন্ন। পূজার ৬ দিন আগে থেকে কারমা দেবতার নামে গ্রামের সকল নারী-পুরুষ একত্রে ঝুমের নাচ গান করে। কারাম পূজার প্রচলন নিয়ে এক বিশাল লোককাহিনী প্রচলিত রয়েছে। সেই প্রচলিত লোককাহিনী মতে, কারমা ও ধারমা নামের দুই ভাই ছিল। এক দিন ধারমা বললো ‘‘ভাই কারমা চল আমরা আমাদের কর্ম কপালের জন্য, সংসারের উন্নতির জন্য কারাম গোসাই এর পূজা করি। কিন্তু কারমা সে কথা অবজ্ঞা করে চলে গেল। ধারমা তখন একাই কারাম গোসাইয়ের পূজার আয়োজন করলো। বোনদের দাওয়াত করলো, বোনরা এসে উপবাস থেকে জাওয়া জাগাতে (বিভিন্ন ধরনের রবিশস্যের ধান গজাতে) আরম্ভ করলো। এমন সময় কারমা এসে জাওয়া জাগানো ডালিটি ফেলে দিল এবং পূজার সমস্ত আয়োজন লাথি মেরে ভেঙ্গে ফেলে দিয়ে বললো এখানে কোন কারাম গোসাইয়ের পূজা হবে না। এর পর কারমার কপালে নেমে এলো চরম দুর্দশা । খাবার গেলে ভাতের দানা হারিয়ে যায়, মাঠে গেলে শস্য থাকে না এ অবস্থায় দিশেহারা হয়ে যায় কারমা। তার এ দুর্ভাগ্য জানার জন্য এক পন্ডিতের কাছে গেল কারমা। পন্ডিত সব শুনে বললো কারাম গোসাইকে অবহেলা ও অপমান করার জন্যই তার এ হাল হয়েছে। এ কথা শোনার পর কারমা অনুতপ্ত হয় এবং নিজের ভূল বুঝতে পেরে কারাম গোসাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা ও তার পূজা অর্চনা করে। এ পূজা অর্চনার মধ্য দিয়ে কারমা তার কর্ম কপাল পুনরায় ফিরিয়ে আনে। আর এই কারমার নাম অনুসারে এই উৎসবকে কারমা বা কারাম উৎসব বলা হয়। সেই থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজের কর্মকপাল নিয়ে সুখে থাকার প্রত্যয়ে কারাম উৎসব পালন করে আসছে। নাচ গান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা সভাপতি সুবোধ উরাও এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক, কারিতাসের আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডি, সিএমএলআরপি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা একরামুল হক, জাতীয় আদিবাসী পরিষদের জেলা সভাপতি আমিন কুজুর প্রমুখ। পরে অংশগ্রহনকারী সাংস্কৃতিক দল গুলোর মাঝে পুরস্কার বিতরন করা হয়।

শেয়ার: