বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সারের জন্য হাহাকার করছেন কৃষকরা। এর মূল কারণ সার বিতরণে অব্যবস্থাপনা। চলতি রোপা আমন মৌসুমে চাহিদা মতো সার না পেয়ে বেশ হতাশায় ভূগছেন কৃষক সমাজ। সারের জন্য ভোরবেলা থেকে নির্দিষ্ট ডিলারের ঘরের সামনে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সারি করে বিছিয়ে রাখছেন কৃষকগণ। আশ্বিনের ভ্যাপসা গরমের রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে না পেরে এই পদ্ধতি নিয়েছেন কৃষকরা। কেননা ডিলার দোকান খোলেন সকাল ১০ টার পরে।এইভাবে সারাদিন অপেক্ষা করে কারো কারো মিলছে ১ বস্তা সার। আবার কেউ কেউ সার না পেয়ে ভগ্ন হৃদয় নিয়ে ফিরে যাচ্ছেন বাড়িতে। অথচ জাতীয় পরিচয় পত্রের পরিবর্তে কৃষি কার্ড অনুযায়ী সার বিতরণ করলে এতো বিশৃঙ্খলা সৃষ্টি হতোনা বলে মনে করছেন প্রকৃত কৃষকরা। কেননা যাদের একমুঠো জমিও নেই তারাও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিয়ে সার তুলে বেশি দামে বিক্রি করছেন। কয়েকজন কৃষকের সাথে কথা বললে তাঁরা বলেন, সরকারের মন্ত্রী বলছেন সারের কোন সংকট নেই। অথচ আমরা ডিএপি, পটাশ, ইউরিয়া কেন সারই প্রয়োজন অনুযায়ী পাচ্ছিনা। এভাবে চলতে থাকলে চলতি মৌসুমে ধানের উৎপাদনে মারাত্মক ঘাটতি হবে। আসলে আমাদের কৃষকের কথা কেউ মন থেকে ভাবেন না। বদলগাছী সদর ইউনিয়নের ডিলার শামসুল হক ও আলম হোসেন এর সাথে কথা বললে তাঁরা বলেন, আমরা চাহিদার তুলনায় বরাদ্দ পাচ্ছি কম। তাই ১ বস্তা করে দিয়েও সকল কৃষককে সার দিতে পারছিনা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান এর সাথে কথা বললে তিনি বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি তদারকি করে দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা হবে। চলতি মাসে আরো অতিরিক্ত বরাদ্দ পেয়েছি। তাই আশা রাখছি সংকট দ্রুতই কেটে যাবে।
উত্তরকোণ
বদলগাছীতে সারের জন্য হাহাকার।। সার বিতরণে অব্যবস্থাপনা

