উত্তরকোণ

শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ১০০ কেজি শিল্প লবণ ধ্বংস

শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ১০০ কেজি শিল্প লবণ ধ্বংস

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি, পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহারের দায়ে পাপিয়া অটো মুড়ি মিলকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১০০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত শাজাহানপুর উপজেলা প্রশাসন ও বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমাদারপুকুর এলাকার পাপিয়া অটো মুড়ি মিলের প্রতিনিধি বিলাশ দেবনাথকে বিএসটিআই আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি তৈরি করা হচ্ছিল। পাশাপাশি পণ্যের লেবেলে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য ও ওজনের মতো প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছিল না। মুড়ি তৈরিতে আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে শিল্প লবণ ব্যবহার করা হচ্ছিল। এ সময় কারখানা থেকে দুই বস্তায় থাকা ১০০ কেজি শিল্প লবণ জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া বেতগাড়ী, বটতলা, বনানী এলাকার রাগেব ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হলে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ পাওয়া যায়। শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান এবং পরিদর্শক (মেট) মো. আসাদুজ্জামান। সার্বিক সহযোগিতা করেন সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেন। জনস্বার্থে শাজাহানপুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ার: