স্টাফ রিপোর্টার: দলিল নিবন্ধন পদ্ধতি আধুনিকায়নের নামে পেশা থেকে উচ্ছেদ বন্ধ, প্রতি দলিলে সর্বনিম্ন ৫ হাজার টাকা সম্মানী নির্ধারণ এবং অনভিজ্ঞ ব্যক্তিদের লাইসেন্স প্রদান বন্ধসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে বগুড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্কে বাংলাদেশ দলিল লেখক সমিতি, বগুড়া জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতি বগুড়া জেলা শাখার সভাপতি মোকছেদুর রহমান রোজীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মতিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফিজ আহম্মেদ। প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত দফা দাবি বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক রাজ্জাকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসাইন, প্রচার সম্পাদক মাহবুবার রহমান, আব্দুল হালিম, মাসুদ পারভেজ রনি, ময়নুল হক, দবির উদ্দিন, এস এম ফেরদৌসসহ জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে জনগণের জমি-জমা ও সম্পত্তি নিবন্ধনের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত রয়েছেন। আধুনিকায়নের নামে তাদের পেশাগত অধিকার হরণ ও জীবিকার পথ বন্ধ করা মেনে নেওয়া হবে না। দ্রুত যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হলে দলিল লেখকদের পেশাগত অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি জমি নিবন্ধন কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
সমাবেশ থেকে সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে দলিল লেখকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া দলিল লেখক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
দলিল লেখক সমিতির সাত দফা দাবি:
১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
২. প্রতি দলিলে সর্বনিম্ন ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।
৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা বা রেজিস্ট্রির জন্য দাখিল দিতে পারবেন না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।
৪. থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না।
৫. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ করতে হবে।
৬. পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখার কারণে দলিল লেখকদের আসামি করা যাবে না।
৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।
উত্তরকোণ
বগুড়ায় সাত দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

