উত্তরকোণ

বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা

বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা

বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ‘আনন্দময় কিছুক্ষণ’ শীর্ষক এ আয়োজন গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে শহীদ টিটু মিলনায়তন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে বগুড়া মহানগরের শহীদ টিটু মিলনায়তনে এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সমাজ ও জাতির সুস্থ বিকাশে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে দেশীয় সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা আরও জোরদার করা প্রয়োজন। বগুড়া পদাতিক দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যে ভূমিকা রেখে আসছে তা প্রশংসনীয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া রিয়েল এস্টেট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রানার প্লাজার পরিচালক মো. সাইরুল ইসলাম, জাসাস বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জামাল পাশা রানা, সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বগুড়া পদাতিকের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ছালু ও যুগ্ম সম্পাদক বাদল আকন। সাংস্কৃতিক সন্ধ্যায় সংগঠনের শিল্পী ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের আনন্দ দেয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য, সংস্কৃতিকর্মী, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দীর্ঘ সাংস্কৃতিক পথচলায় বগুড়া পদাতিক স্থানীয় সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও সংগঠনের সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।

শেয়ার: