মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী রেলস্টেশনে নির্ধারিত সময়ের আগেই টিকিট কাউন্টার বন্ধ পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টা ৫ মিনিটে টিকিট কিনতে এসে সবকটি কাউন্টার বন্ধ পান কয়েকজন যাত্রী। এতে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। যাত্রীদের অভিযোগ, কাউন্টার খোলা ও বন্ধের নির্ধারিত সময় স্টেশনে স্পষ্টভাবে প্রদর্শন করা নেই। ফলে রাতে টিকিট কিনতে এসে কাউন্টার বন্ধ পাওয়ার পর বিকল্পভাবে কোথা থেকে টিকিট সংগ্রহ করা যাবে, সে বিষয়েও কোনো তথ্য পাননি তারা। রাত সাড়ে ১১টায় রাজশাহী স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ঢাকা মেল ছেড়ে যায়। অভিযোগ রয়েছে, কাউন্টার বন্ধ থাকায় কয়েকজন যাত্রী টিকিট না কেটেই ট্রেনে উঠতে বাধ্য হন। যাত্রীরা বলেন, কাউন্টার পরিচালনার সময়সূচি স্পষ্টভাবে জানানো থাকলে তারা আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতেন। তাদের দাবি, যাত্রীদের ভোগান্তি কমাতে কাউন্টারে সময়সূচি প্রদর্শনের পাশাপাশি নিয়মিত নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।
উত্তরকোণ
আগে ভাগেই বন্ধ টিকিট কাউন্টার, ভোগান্তিতে যাত্রীরা

