জয়পুরহাট প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর ব্যবস্থাপনায় চার সপ্তাহব্যাপী “হাঁস ও মুরগি পালনের উপর বিশেষ প্রশিক্ষণ” সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। গত ২৮ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত এই প্রশিক্ষণ পরিচালিত হয়। এতে জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকার ১০ জন বেকার যুবক অংশ নেন। যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগব্যাধি প্রতিরোধ ও খামার ব্যবস্থাপনার ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও সামগ্রী বিতরণ করেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক-সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-,বিজিবি শুধু সীমান্তের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষাই করে না; সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। একই সাথে যুবসমাজকে মাদকমুক্ত থেকে ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন। সীমান্তবর্তী জনগণকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
উত্তরকোণ
জয়পুরহাটে ২০ বিজিবির উদ্যোগে যুবকদের হাঁস-মুরগি পালনের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন

