বগুড়া সদর উপজেলার এরুলিয়া গ্রামের বাসিন্দা সুরেশ চন্দ্র সরকার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জমি দখল ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন। ১৮ আগস্ট মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সুরেশ চন্দ্র সরকার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীমতি নুপুর রানী। লিখিত বক্তব্য পাঠ বলেন, বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রণয় কুমার দত্ত ও তার সহযোগী গোবিন্দ চন্দ্র দত্তের নেতৃত্বে দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চলছে। তিনি আরো জানান, তার কাকা নিঃসন্তান অবস্থায় মারা যাওয়ার পর উইল মূলে তারা সম্পত্তির মালিক হলেও অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের বাড়িতে হামলা, লুটপাট ও কৃষিজাত শস্য চুরি করেছে। এ বিষয়ে আদালতে একাধিক মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা আইন অমান্য করে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুরেশ চন্দ্র সরকার জীবনের নিরাপত্তা ও দখলকৃত সম্পত্তি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট মহল, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, অভিযুক্তরা বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, ফলে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
উত্তরকোণ
বগুড়ায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

