বগুড়ায় নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত বিশেষ গোলাপি রঙের ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ডে ‘মহিলা বাস সার্ভিস’ উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এ উদ্যোগকে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে শুধু নারী যাত্রীদের জন্য গোলাপি রঙের ‘মহিলা বাস সার্ভিস’ দুটি বাস চলাচল উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল থেকে শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী রুটে চলাচল শুরু করবে। বাস দুটির চালক ও কন্ডাক্টর ও নারী। নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এ বাস সার্ভিস চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা গণপরিবহনে আরও নিরাপদে চলাচল করতে পারবেন। বিআরটিসি সূত্রে জানা গেছে, গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মহিলা বাস সার্ভিস’ নামে এ সেবা চালু করা হয়েছে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ। বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, প্রচলিত লাল রঙের বাসের পরিবর্তে বিশেষ বাসগুলোর রঙে ভিন্নতা রয়েছে। ‘মহিলা বাস সার্ভিস’ গোলাপি রঙের। এসব বাসে নারী যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী। তিনি বলেন, বুধবার থেকে দুটি বাস শেরপুর-মাটিডালি এবং মোকামতলা-বনানী পর্যন্ত চলাচল করবে। পরবর্তী সময়ে বাস দুটি বগুড়া শহরের বিভিন্ন রুটে চলাচল করবে। বিআরটিসি সূত্র জানায়, নারীদের জন্য চালু করা বিশেষ বাসগুলো গোলাপি রঙের। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাসের পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস এ সেবার আওতায় চালু করা হয়েছে। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার মাধ্যমে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

