মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: তাপপ্রবাহসহ জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় আগাম পদক্ষেপ গ্রহণ ও নগরবাসীর সুরক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ স্থানে স্থায়ী কুলিং সেন্টার ও যাত্রী ছাউনি স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রণীত Early Action Protocol (EAP)- এর খসড়া পরীক্ষণ থেকে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে Lesson Learned Workshop from Testing the Draft National Early Action Protocol শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর হোটেল এক্স মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন। কর্মশালায় মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে তাপপ্রবাহ মোকাবিলা ও নগরবাসীর সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। রাজশাহী শহরকে আরও বাসযোগ্য ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও এনজিওকে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগরের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার বিষয়েও আলোচনা হয়। নগর সবুজায়নে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথাও তুলে ধরা হয়। এর মধ্যে নগরীর খেলার মাঠ উন্নয়ন এবং মুক্তমঞ্চের সামনে সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়। সম্প্রতি তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় নগরীর রেলগেট ও লক্ষ্মীপুর মোড়ে দুটি কুলিং সেন্টার নির্মাণ করা হয়েছে। এসব কুলিং সেন্টারে বিনামূল্যে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়। পাশাপাশি অসুস্থ হয়ে আসা নগরবাসীর রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়। রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী নগরীতে স্থায়ী কুলিং সেন্টার স্থাপনের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। তীব্র তাপপ্রবাহের সময় নগরবাসীকে স্বস্তি ও সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কুলিং সেন্টার এবং যাত্রী ছাউনি স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। প্রশাসক মাহফুজুর রহমান রিটন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু সিটি কর্পোরেশনের প্রশাসকের বিভিন্ন মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান। কর্মশালায় অংশগ্রহণকারীরা তাপপ্রবাহের মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় Early Action বা আগাম পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এদিকে আইসিআরসির সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এবং প্রশিক্ষণ বিভাগের আয়োজনে চার দিনব্যাপী ‘অ্যাডভান্স ফার্স্ট এইড’ প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৭ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রাজশাহী বিভাগের ৯টি জেলার ৩০ জন যুব স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের উদ্বোধনও করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি মোঃ তৌহিদ হাসান, আইসিআরসি থেকে আগত ফার্স্ট এইড প্রোগ্রাম ম্যানেজার ডা. জালিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ফারহানা আক্তার ডলি, জাতীয় সদর দফতরের প্রোগ্রাম অফিসার মোঃ দিদারুর আলম (রাফি), প্রশিক্ষণ বিভাগের উপ-সহকারী পরিচালক এস এম জাহিদুর রহমান এবং ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান। আয়োজকরা জানান, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে কার্যকর মানবিক সহায়তা পৌঁছে দিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উত্তরকোণ
তাপপ্রবাহ মোকাবিলায় স্থায়ী কুলিং সেন্টার স্থাপনের আহ্বান

