রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি বগুড়ার আয়োজনে রবিবার (১৬ আগস্ট) জেলা পরিষদ মিলনায়তনে দিসবটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মৎস্য খাতে পরিবেশবান্ধব ও সম্পদ সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পানি, বিদ্যুৎ ও অন্যান্য সম্পদের অপচয় কমিয়ে উৎপাদন ব্যয় হ্রাস করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি ও সাধারণ জনগণের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের নদী, খাল-বিল, হাওর-বাঁওড়, পুকুর ও অন্যান্য জলাশয় মৎস্য সম্পদের এক বিশাল সম্ভাবনাময় ভান্ডার। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব জলজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের মৎস্য উৎপাদন আরও বহুগুণ বৃদ্ধি করা সম্ভব। এসময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, বগুড়া জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ময়নুল হক বকুল, জেলা মৎস্য কর্মকর্তা খালেকুজ্জামান সরকার, সিনিয়র সহকারি পরিচালক শারমিন আক্তার, সদর মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মারজিয়া আক্তার বাবু, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোরশেদ, মৎস্য হ্যাচারি মালিক মঞ্জুরুল হক সোনা, সামিউল সাদিক প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন হ্যাচারি মালিক ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন। শেষে চারজন সফল মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে বগুড়ার কাহালু সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এর সাথে যৌথভাবে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করছে জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস।
বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন ম্মার্ট প্রকল্পের আওতায় পিসিকালচার প্রকল্প দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন ও আলোচনা সভা আয়োজন করে। কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মলিহা খানম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুর নবী, উপজেলা কৃষি কর্মকর্তা, টিএমএসএস দর্গাহাট জোনের জোন প্রধান ও স্মার্ট পিসিকালচার প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
উত্তরকোণ
বগুড়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

