উত্তরকোণ

দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

দীর্ঘদিনের অব্যবস্থাপনা সিস্টেমে আনতে জনসচেতনতা প্রয়োজন: বগুড়া সিটি প্রশাসক

শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে নেতিবাচক চিত্র গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরায় গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের ধন্যবাদ জানিয়েছেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে জনসচেতনতা বাড়ানোর কাজ চলছে। এখনো মাঝেমধ্যে ঘুমের মধ্যেও ময়লা-আবর্জনার চিত্র চোখে ভাসে। দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনতে সময় লাগছে। গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটররা এসব বিষয় তুলে ধরায় কর্তৃপক্ষ আরও সজাগ হচ্ছে এবং তাদের চোখ খুলে দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে বগুড়া শহরের শাহ ফতেহ আলী সেতুর নিচে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে এসব কথা বলেন সিটি প্রশাসক। বগুড়া সিটি কর্পোরেশন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নিয়মিত ও সাপ্তাহিক ভিত্তিতে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়। সকালে শহরের চেলোপাড়া এলাকায় শাহ ফতেহ আলী সেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরাও এ কার্যক্রমে অংশ নেন। পরে সেতু এলাকাটি পুরোপুরি পরিচ্ছন্ন ঘোষণা করা হয়।পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে শহর থেকে মহল্লা পর্যায় পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সার্বিক নির্দেশনা দেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, পরিবেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র ছড়িয়ে থাকা আবর্জনা দূর করতে বিডি ক্লিনের সহযোগিতায় নিয়মিত ও সাপ্তাহিক ভিত্তিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনাকে সিস্টেমের মধ্যে আনতে কিছুটা সময় লাগছে। এজন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। ফুটপাতে হকার বসলে তাদেরও বোঝাতে হবে যে, ফুটপাত তাদের বসার জায়গা নয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, বিডি ক্লিন রাজশাহী বিভাগের আঞ্চলিক সমন্বয়ক মাহবুব আলম জিয়ন ও বিডি ক্লিন বগুড়ার উপদেষ্টা সাজেদুর রহমান সাজু। পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে দায়িত্ব পালন করে বগুড়া যুব রেড ক্রিসেন্ট টিম।

শেয়ার: