মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে গাসলের ভিডিও ধারণের অভিযোগে রকি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) দুপুর ২টায় নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আটক রকি কাশিয়াডাঙ্গা থানা এলাকার দুখু মিয়ার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তা থেকে একটি বাড়ির বাথরুমের এক্সজস্ট ফ্যানের ফাঁক দিয়ে ওই ছাত্রীর গোসলের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন রকি। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ওই ছাত্রী বাথরুম থেকে বের হয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর স্বজন ও স্থানীয়রা অভিযুক্তকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শিরোইল এলাকার লাইলি নামে এক নারীর বাড়ি থেকে রকিকে আটক করা হয়। পরে তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, ওই বাড়ির ভাড়াটিয়া তানিয়া নামে এক হিজড়া ব্যক্তির সঙ্গে রকির পরিচয়ের সূত্রে বাড়িটিতে তার নিয়মিত যাতায়াত ছিল। এদিকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের সময় রকি তার মোবাইল ফোনে এলাকার কয়েকজন মেয়েসহ আরও ১০ থেকে ১২ জন নারীর গোপন ভিডিও থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব ভিডিও ব্যবহার করে সংশ্লিষ্ট নারীদের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে ব্ল্যাকমেইল করা হতো। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।
এ ছাড়া স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ওই বাড়ির ছাদে নিয়মিত মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার অভিযোগও করেছেন। এসব অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে একজন নাবালিকার ব্যক্তিগত মুহূর্ত গোপনে ভিডিও ধারণের অভিযোগ এবং আরও কয়েকজন নারীর গোপন ভিডিও থাকার দাবিতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে এটি শুধু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা নয়, বরং ডিজিটাল মাধ্যমে হয়রানি ও ব্ল্যাকমেইলের মতো গুরুতর অপরাধেরও ইঙ্গিত বহন করে। চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ভিডিও ধারণের অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অভিযুক্তের মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষা করা হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উত্তরকোণ
ছাত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক; অতঃপর শ্রীঘরে

