বগুড়ায় পৃথক চারটি অভিযানে চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারনামীয় চার পলাতক আসামি এবং মোসলেম উদ্দিন হত্যা মামলার দুই পলাতক আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বগুড়া, গাইবান্ধা ও নন্দীগ্রামের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, ২৩ জুলাই রাত আনুমানিক ২টার দিকে পূর্বশত্রুতার জেরে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী এলাকায় আতিকুর রহমান সাগরকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, ওই মামলার পলাতক আসামিরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকায় অবস্থান করছেন। পরে র্যাব-১২ সিপিএসসি বগুড়া ও র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার যৌথ দল ১১ আগস্ট রাত ১টা ৩৫ মিনিটে গোবিন্দগঞ্জের ভগরিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. জিলহাজ মন্ডল (৪৬) ও ১৬ নম্বর আসামি মো. আরিফ প্রাং (৩৫)-কে গ্রেপ্তার করে। এরপর একই রাতে পৃথক অভিযানে গোবিন্দগঞ্জের খানাবাড়ী এলাকা থেকে মামলার ৮ নম্বর আসামি মো. লিটন মিয়া (৩৫) ও ১৩ নম্বর আসামি মো. রব্বানী (২৫)-কে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, মোসলেম উদ্দিন হত্যা মামলায় নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজার ও কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে মামলার ১১ নম্বর আসামি মো. রহিদুল সরকার (৪৭) এবং ১৩ নম্বর আসামি মো. শাহজাহান সরকার (৪০)-কে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার ছয় আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বগুড়া সদর ও সারিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
উত্তরকোণ
বগুড়ায় দুই হত্যা মামলার ৬ পলাতক আসামি গ্রেপ্তার

