উত্তরকোণ

নজরুল বর্ষে তালোড়ায় কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন কুইজ ও গান প্রতিযোগিতা

নজরুল বর্ষে তালোড়ায় কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন কুইজ ও গান প্রতিযোগিতা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে তালোড়া বন্দর নগর কবিতা সংসদ ও তালোড়া নাগর গ্রন্থাগার-এর যৌথ উদ্যোগে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান। এ উপলক্ষে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল-এর সভাপতিত্বে এবং কবিতা সংসদের সাধারণ সম্পাদক কবি মোমিন ইসলাম শাওন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন তালোড়া বন্দর নগর কবিতা সংসদের উপদেষ্টা ও সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাসিনুর হাসান দিপু, সদস্য মোমিন খান, তালোড়ার নাগর আর্ট অ্যান্ড সংস্কৃতি বিদ্যালয়ের উপদেষ্টা সুব্রত কুমার ঘোষ। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দায়িত্ব পালন করেন আরাফাত হোসেন, মুন্নি রায় শান্তনা, হারুন ও দিনেশ চন্দ্র শীল। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক ও মেধাভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা পত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

শেয়ার: