শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ভান্ডার পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মেরিনা জাহানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী প্রধান শিক্ষককে ঘিরে এক আবেগঘন ও অশ্রুসিক্ত পরিবেশের সৃষ্টি হয়।উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উর্মি তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহিদ, প্রভাষ চন্দ্র সরকার, আব্দুল্লাহ আল মামুন,উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. মহিদুল হাসান। চাঁচাইতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান সবুজ,বোহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক,তাঁর পরিবারের সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থীরা বক্তব্য দেন। পরে বিদায়ী প্রধান শিক্ষক মোছাঃ মেরিনা জাহানকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
জানাযায়-২০১৫ সাল থেকে ভান্ডার পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোছাঃ মেরিনা জাহান। দীর্ঘ কর্মজীবনে তাঁর দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিদ্যালয়টিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলেছেন। তাঁর কর্মদক্ষতা ও অবদানের জন্য স্থানীয় এলাকাবাসী ও উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও তাঁর দীর্ঘ কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
উত্তরকোণ
শাজাহানপুরে প্রধান শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

