উত্তরকোণ

বগুড়ায় তানজিলা হত্যার বিচার দাবিতে আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

বগুড়ায় তানজিলা হত্যার বিচার দাবিতে আজিজুল হক কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তানজিলা ইয়াসমিন দীপাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। ​সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টায় ‘সরকারি আজিজুল হক কলেজ পরিবার’-এর ব্যানারে কলেজের প্রধান ফটকের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী, সহপাঠী ও শিক্ষকবৃন্দ অংশ নেন। উল্লেখ্য ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বগুড়া সদর উপজেলার মালগ্রাম কলেজপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তানজিলা ইয়াসমিন দীপার (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তানজিলা সদর উপজেলার নারুলী আনন্দপাড়া এলাকার খয়বর প্রামানিকের মেয়ে। তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে সম্প্রতি স্নাতকোত্তর পরীক্ষা সম্পন্ন করেছিলেন। ঘটনার পর থেকেই তানজিলার দ্বিতীয় স্বামী শেখ আবীদ উল সানি (২৮) আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ​মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তানজিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হলেও এটি কোনো আত্মহত্যার ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত নির্মম হত্যাকাণ্ড। মামলা দায়েরের এতদিন পার হয়ে গেলেও মূল অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। মামলার প্রধান আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।​ তানজিলা হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। অবিলম্বে ঘাতক স্বামী সানিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে বলে জানান। ​মানববন্ধনে কলেজের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নিহত তানজিলার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শেয়ার: