শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ আগস্ট) বেলা ১১টায় শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শাজাহানপুর, বগুড়ার বাস্তবায়নে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন। এ সময় উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. এনামুল হক, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মো. বেলাল হোসেন, ডা. সাকলাইন, ডা. তৌফিকুর, হেলথ ইন্সপেক্টর শহিদুল ইসলাম, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মিজানুর রহমান সোহাগ, শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, প্রধান হিসাব সহকারী মো. ছাইফুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। আলোচনা সভায় নবজাতকের সুস্থতা ও পুষ্টি নিশ্চিত করতে মায়ের দুধের গুরুত্ব, শিশুর জীবনের শুরুতে মাতৃদুগ্ধ পান নিশ্চিতকরণ এবং এ বিষয়ে পরিবার ও সমাজের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য, প্রতিবছর ১ থেকে ৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। এর উদ্দেশ্য হলো শিশুর জন্য মায়ের দুধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাতৃদুগ্ধ পানকে উৎসাহিত করা।
উত্তরকোণ
শাজাহানপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

