উত্তরকোণ

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানেকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে বগুড়া মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়া জেলা ছাত্রদল। শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে জেলা ছাত্রদলের এই বিক্ষোভ কর্মসূচি শেষ হয়।
সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ার চত্বরে পৌঁছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরের কুশপুত্তলিকা দাহ করেন এবং জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিন আনভীর যে অশালীন স্ট্যাটাস দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদে আজকের বগুড়া জেলা ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল। সমাপনি বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, আমারা ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করেছি। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পতনে রাজপথে থেকে সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। গাজী সালাউদ্দিন তানভীর, নাসিরুদ্দিন পাটওয়ারীর মতো কথিত জুলাই যোদ্ধাদের কিন্তু আমরা রাজপথে পাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে তানভীরের এমন ফেসবুক পোস্ট আর নাসিরুদ্দিনের কটু কথার জবাবে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে তাদের বগুড়ায় অবাঞ্চিত ঘোষণা করা হলো। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা না হলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বগুড়া জেলা ছাত্রদল। ছাত্রদলের নেতাকর্মীরা গাজী সালাউদ্দিন তানভীরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার: