স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন হওয়ায় বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ২১ জুলাই মঙ্গলবার আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে শেষ হয়। মিছিলের আগে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা উল্লেখ করেন, শিক্ষা ক্ষেত্রে বগুড়া দীর্ঘদিন ধরে ভালো ফলাফল অর্জন করে আসছে, তাই এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়োপযোগী এবং দীর্ঘদিনের জনদাবির বাস্তবায়ন। সমাবেশে বক্তারা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সিনিয়র সহ-সভাপতি মামুদুর রহমান সাঞ্জার এবং সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আসাদ সিদ্দিকী রাকিব। বক্তব্যে এম আর হাসান পলাশ বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি নবগঠিত বিশ্ববিদ্যালয়ের নাম তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার নামে নামকরণের দাবি জানান। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় সমাপনী সমাবেশে মিলিত হয়। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ উত্তরবঙ্গের উচ্চশিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয় দ্রুত কার্যক্রম শুরু করবে বলে আশা প্রকাশ করেন।
আনন্দ মিছিলে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বগুড়া জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ পাস হওয়ায় বগুড়া জেলা ছাত্রদল আনন্দ মিছিল

