মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার (২০ জুলাই) নগরীতে রাজশাহীবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ নাগরিক অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতে প্রতিষ্ঠিত হয়েছে এ অঞ্চলের প্রয়োজন ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায়। তাই প্রধান কার্যালয় অন্যত্র স্থানান্তরের কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা উত্তরাঞ্চলের মানুষের স্বার্থের পরিপন্থী হবে। তারা অভিযোগ করেন, প্রধান কার্যালয় স্থানান্তর করা হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে উত্তরাঞ্চলের লাখো বিদ্যুৎ গ্রাহক প্রয়োজনীয় সেবা গ্রহণে নানা ধরনের জটিলতার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, নেসকো কেবল একটি প্রতিষ্ঠান নয়; এটি উত্তরাঞ্চলের উন্নয়ন ও সেবাব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই কোনো ধরনের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় জনগণের মতামত এবং আঞ্চলিক বাস্তবতা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। মানববন্ধন থেকে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি রাজশাহীর স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
উত্তরকোণ
নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রস্তাবের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

