উত্তরকোণ

নগর উন্নয়নে সমন্বিত পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছে রাসিক: টিএলসিসি সভায় প্রশাসক

নগর উন্নয়নে সমন্বিত পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছে রাসিক: টিএলসিসি সভায় প্রশাসক

বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)এর আওতায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা সোমবার নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি বলেন, রাজশাহী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে সব শ্রেণি-পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। নগরীর অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, সোনাদিঘী মসজিদের সম্প্রসারণ, কেন্দ্রীয় উদ্যান ও শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগোফুর পেট্রোল পাম্প থেকে সাহেববাজার পর্যন্ত সড়কের উন্নয়ন এবং রেলগেট বর্ণালী, তালাইমারী মোড় ও নওদাপাড়া আমচত্বরসহ নগরীর ব্যস্ততম মোড়গুলো প্রশস্ত ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নাগরিক সেবা আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান তিনি। সভায় আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন। বক্তারা নগর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসকের গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। সভায় বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, টিএলসিসি সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিরিন সুফিয়া খানম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি দেবাশিষ রায় মধু, দৈনিক ইনকিলাবের রাজশাহী ব্যুরো প্রধান রেজাউল করিম রাজু, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান আব্দুস সবুর, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহাবুব, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (আইন) দিলসেতারা চুনি এবং দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের রাজশাহী প্রতিনিধি মঞ্জুয়ারা খাতুনসহ অন্যান্য সদস্যরা। এ সময় রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোঃ হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছমিনা খাতুন, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ ছাইদুজ্জামান, বিটিসিএলের উপ-সহকারী প্রকৌশলী জিয়াউল ইসলাম, আইইবির সেক্রেটারি প্রফেসর মোঃ রবিউল ইসলাম সরকার, রাসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার: