বগুড়ায় পৈতৃক সম্পত্তি দখল ও হামলার প্রতিবাদে আরিফুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন। ৭ জুলাই মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক পাল্টা সংবাদ সম্মেলনের মাধ্যমে পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখল, হামলা ও মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম আপেল। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৫ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে জনৈক অজেকা ও তার ছেলে রিগানসহ ৩০-৩৫ জন দুর্বৃত্ত নিশিন্দারা মৌজায় অবস্থিত তাদের পৈতৃক সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে প্রাচীর নির্মাণের চেষ্টা চালায়। এতে বাধা দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়, যার ফলে আরিফুল ইসলাম নিজে ডান চোখের ওপর মারাত্মক জখমসহ তার চাচা মানিক, চাচি পিয়ারা বেগম এবং ফুফু রলি বেগম গুরুতর আহত হন। হামলাকারীরা রলি বেগমের গলা থেকে ৬ আনা ওজনের স্বর্ণের চেইন এবং আরিফুলের কাছ থেকে নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে আহতরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়। সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম উল্লেখ করেন যে, গত ৬ জুলাই অজেকা কর্তৃক তাদের বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের পরিবার ও ব্যবসায়ের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উত্তরকোণ
বগুড়ায় পৈতৃক সম্পত্তি দখল ও হামলার প্রতিবাদে আরিফুল ইসলামের পাল্টা সংবাদ সম্মেলন

