উত্তরকোণ

বগুড়ায় কাচ্চি ডাইনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় কাচ্চি ডাইনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়া সদর উপজেলার ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য, খাদ্য তৈরির উপকরণ ও সরঞ্জামাদি সংরক্ষণ করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে টক দই ও বিভিন্ন মসলা সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়াও অভিযানে নষ্ট ও ফাঙ্গাসযুক্ত বাসমতি চাল দিয়ে কাচ্চি প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। কিচেন ও স্টোররুমে ইঁদুর ও ছুঁচোর অবাধ বিচরণ এবং তাদের মলমূত্র খাদ্য সংরক্ষণের বিভিন্ন সরঞ্জামে দেখতে পান কর্মকর্তারা। এসব অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস দল।

শেয়ার: