মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশনে প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রজেক্ট সেফ গার্ড বাংলাদেশ। শনিবার (২৭ জুন) রাজধানীর শিল্পকলা মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি) আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক শ্রাবণ ও মোঃ শিহাব বাবুর তৈরি প্রজেক্ট সেফ গার্ড বাংলাদেশ সেরা নির্বাচিত হয়। বিজয়ী হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় ৫০ হাজার টাকার প্রাইজমানি। আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় মোট ১৪৬টি টিমের প্রজেক্ট প্রাথমিকভাবে মনোনীত হয়। যাচাই-বাছাই শেষে ১৪টি টিমের প্রজেক্ট চূড়ান্ত পর্বে স্থান পায়। চূড়ান্ত পর্বে রুয়েট শিক্ষার্থীদের উদ্ভাবনই সেরা হিসেবে নির্বাচিত হয়। ‘সেফ গার্ড বাংলাদেশ’ মূলত নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ইকোসিস্টেম। প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্যেই প্রজেক্টটি তৈরি করা হয়েছে। রুয়েট শিক্ষার্থীদের এ অর্জন প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে দেশের তরুণদের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।
উত্তরকোণ
রুয়েট শিক্ষার্থীদের সেফ গার্ড বাংলাদেশ প্রজেক্ট জিয়া মেমোরিয়াল পোস্টার কম্পিটিশনে প্রথম

