উত্তরকোণ

শাজাহানপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শাজাহানপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. বেলাল উদ্দিন আকন্দ, ডা. এনামুল হক ও ডা. সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবিদা সুলতানা রুপা, মেডিকেল অফিসারবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম, এমটিপিআই হাসিনা খাতুন, প্রধান হিসাব সহকারী সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন জানান, এ বছর উপজেলায় মোট ৪৬ হাজার ৩১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৫৬৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৯ হাজার ৭৪৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, উপজেলার ২৪২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থায়ী টিকাদান কেন্দ্রেও শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ডা. শাহানাজ পারভীন বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত সময়ের মধ্যে উপজেলার সব যোগ্য শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

শেয়ার: