সারাদেশের ন্যায় বগুড়া জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ২৮ জুন (রবিবার) সকালে বগুড়ার দত্তবাড়ি শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্ধোধন করেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ সাঈদ আলী, বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ(পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম, সিভিল সার্জন ডাঃ মোঃ খুরশীদ আলম, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে পরিচালক আমিনুল হক দেওয়ান সজল, পরিচালনা কমিটির সদস্য ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, আশফারুল হাবিব রোজ, মাফতুল আহমেদ খান রুবেল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ এস. এম নূর ই শাদীদ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাফিউর রহমান প্রমুখ। এসময় সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, এই ক্যাম্পেইনের উদ্দেশ্য শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এতে কোনো ঘাটতি থাকলে শিশুদের অপুষ্টির ঝুঁকি বেড়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়, যার ফলে হামের মতো রোগ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি। জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে বগুড়া জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬০ হাজার ৯৭০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৫ হাজার ৩৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে জেলার ৫ লাখ ৬ হাজার ৩৬৮ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলার প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে ১১টি স্থায়ী কেন্দ্র এবং ইপিআই কার্যক্রমের আওতাভুক্ত ২ হাজার ৬১৬টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ২হাজার ৮৩৫টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে মাঠপর্যায়ে ৫ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।

