স্টাফ রিপোর্টার: স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ও চিকিৎসক নেতা ডা. সামির হোসেন মিশুকে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার একটি হোটেল থেকে তাঁকে আটক করা হয়। পরে বগুড়া সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং প্রয়াত চিকিৎসক ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি এর আগে বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্বাচিপ বগুড়া জেলা শাখা ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। স্থানীয়ভাবে তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত এবং পুন্ড্র পদকপ্রাপ্ত। স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসক বন্ধু স্বপনের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার রাতে শেরপুরের একটি হোটেলে যান ডা. মিশু। সেখানে তাঁর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে ডা. মিশুকে থানায় আনা হয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত বিস্ফোরক মামলায় ডা. সামির হোসেন মিশুকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।”
উত্তরকোণ
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

