স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ডাক্তার সামির হোসেন মিশুকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জুন রাত সাড়ে ১১ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের মকটেল নামে একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া মহানগরের জলেশ্বরিতলা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান, বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তিনি তার ঘনিষ্ঠ একজন চিকিৎসকের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই চাইনিজ রেস্তোরায় গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ডাক্তার মিশু বাগেরহাটে কর্মরত রয়েছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি তিনি। তাকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উত্তরকোণ
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ সামির হোসেন মিশু গ্রেপ্তার

