স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল রানা মাসুদের মেয়ে তামান্না রানা (১৬) অপহরণের ঘটনায় ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ মে ২০২৬ তারিখে তামান্না রানাকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মো. শহিদ হোসেন (২০) ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা পুলিশ কনস্টেবল রানা মাসুদ বাদী হয়ে অভিযুক্ত শহিদ হোসেন, তার বাবা-মা ও ভগ্নিপতিসহ ছয়জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা সংবাদ সম্মেলন করলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। মামলার গুরুত্ব বিবেচনায় তদন্ত কার্যক্রম জোরদার করা হয়। জেলা ডিবি পুলিশের একটি দল মামলার ভিকটিম উদ্ধার ও আসামিদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টা ১৫ মিনিটে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তামান্না রানাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উত্তরকোণ
আদমদীঘিতে পুলিশ কনস্টেবলের অপহৃত কন্যা উদ্ধার

