অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে—এমন তথ্য সঠিক নয়। তিনি স্পষ্ট করে বলেন, অতিরিক্ত টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠকে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো এবং নতুন করে টাকা ছাপানোর প্রবণতা থেকে সরে আসা সরকারের প্রধান লক্ষ্যগুলোর একটি। তিনি উল্লেখ করেন, অতীতে কিছু প্রভাবশালী গোষ্ঠীর হাতে অর্থনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়েছিল। বর্তমান সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে এসে একটি অংশগ্রহণমূলক ও ভারসাম্যপূর্ণ অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। তিনি আরও জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে বাজেটের আকার বাড়ানো প্রয়োজন। তবে সেই সঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে মানবসম্পদ উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়া হবে। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতকে শক্তিশালী না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই নীতিনির্ধারণে প্রাইভেট সেক্টরকে সুরক্ষা দেওয়া এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সঠিক নীতিমালা ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি ধীরে ধীরে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।
উত্তরকোণ
২০ হাজার কোটি টাকা ছাপানোর তথ্য ভুয়া, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর সরকার: অর্থমন্ত্রী

