গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৮৮৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে এবং ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া রোগী পাওয়া গেছে ৮০ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট দুই হাজার ৪৮৯ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৮৫ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে ১৪৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম সন্দেহে সবচেয়ে বেশি ছয় হাজার ৭৮ জন আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৫০ জন। স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর, সন্দেহজনক মৃত্যু হয়েছে আরো ১৪৫ শিশুর। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু এবং সন্দেহজনক আরো ১৪ হাজার ৩৮৫ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, পরের স্থানে আছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক ৭৪৭৮ শিশু এবং রাজশাহী বিভাগে ৩৪৪৯ শিশু হামে আক্রান্ত হয়েছে।
উত্তরকোণ
হাম ও উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

