আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ ঠাঁ ঠাঁ বরেন্দ্র অঞ্চল হিসাবে পরিচিত নওগাঁর পোরশার কৃষকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে প্রাকৃতিক ভাবে উৎপাদিত কেঁচো সার। কেঁচো সার ব্যবহার করে অল্প খরচে অধিক ফলন পাওয়ায় দিন দিন এ সার ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়ছে। জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিএএলএল (কল) প্রকল্পের উদ্যোগে পোরশা উপজেলার ৬টি ইউনিয়নের ৬ জন কৃষককে কেঁচো সার তৈরি ও ব্যবহারের উপর প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে এই ৬ জন কৃষক কেঁচো সার উৎপাদন শুরু করেন। তারা প্রথমে নিজের জমিতে তাদের উৎপাদিত কেঁচো সার প্রয়োগ করে জমির পানি ধারন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনের হার বৃদ্ধি করেন। তাদের এ সাফল্য দেখে এলাকার অন্যান্য কৃষকরাও এখন কেঁচো সার ব্যবহার শুরু করেছেন। এতে কেঁচো সারের চাহিদা ব্যাপক বেড়েছে। সবজির পাশাপাশি ধান, গম, ছোলা ও আম বাগানে এই কেঁচো সার ব্যবহারে রাসায়নিক সার ব্যবহারের চেয়ে ভালো ফল পাওয়া যাচ্ছে বলে কৃষকরা জানান। এ সার তৈরিতে তেমন মূলধনও লাগে না। কয়েকটি বড় পাত্র বা রিং, গরুর গবর ও কিছু কেঁচো হলেই এ সার তৈরি করা যায়। বড় পাত্রে গবর রেখে সেখানে কিছু কেঁচো ছেড়ে দিতে হয়। এভাবে ১৫ থেকে ২০ দিন রাখলেই কেঁচো সার তৈরি হয়। পলাশডাঙ্গা গ্রামে সরজমিনে গিয়ে দেখা যায়, কেঁচো সার তৈরিতে ব্যস্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী কাজলী রানী। কাজলী রানী বলেন, কারিতাসের কল প্রকল্পের সহায়তায় প্রশিক্ষন নিয়ে গত বছর থেকে তিনি কেঁচো সার উৎপাদন শুরু করেছেন। এটি খুবই লাভজনক, আগে সংসারে অভাব অনটন লেগেই থাকতো এ সার তৈরির পর থেকে সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে। স্থানীয় বাজারে বর্তমানে ৮০০ থেকে ৮৫০ টাকা মণদরে কেঁচো সার বিক্রি হচ্ছে। কল প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বিরোক এক্কা বলেন, এলাকার অনেক পরিবার এখন কল প্রকল্পের সহায়তায় কেঁচো সার তৈরি করছেন। বেজোড়া গ্রামের কৃষক মোজাম্মেল হক বলেন, তিনি এবার গমের জমিতে কেঁচো সার ব্যাবহার করে ভালো ফলন পেয়েছেন, রাসায়নিক সারের চেয়ে খরচও কম হয়েছে। কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, প্রতিনিয়ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে একদিকে যেমন মাটির উর্বরতা ক্ষমতা হ্রাস পাচ্ছে অপরদিকে মাটির গুণাগুণ ও স্বাস্থ্য ভালো রাখার জন্য যে অনুজীব মাটিতে থাকে তা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে। মাটিতে ব্যাপকহারে রাসায়নিক সার ব্যবহারের ফলে বাংলাদেশের প্রাকৃতিক লাঙ্গল হিসেবে পরিচিত কেঁচো কৃষি জমিতে নেই বললেই চলে। এই কেঁচো মাটির গুনাগুন রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে। এই প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের নিয়ে মাটির প্রাণ ফিরিয়ে আনার জন্য এই এলাকায় ব্যপকহারে জৈবকৃষি চর্চা বিষয়ে সামাজিক আন্দোলন করছি। এরই অংশ হিসেবে কেঁচো সার উৎপাদন ও ব্যবহার করার জন্য প্রকল্পের মাধ্যমে দরিদ্র কৃষকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মো: মামুনুর রশিদ বলেন, ফসল উৎপাদনের জন্য মাটিতে ৫% জৈব উপাদান থাকা প্রয়োজন কিন্তু ক্রমাগত রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির জৈব উপাদান ক্রমেই হ্রাস পাচ্ছে। এতে জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এ অবস্থায় কেঁচো সার ব্যবহার করে জমির স্বাস্থ্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকরা যেমন উপকৃত হচ্ছেন তেমনি এ সার তৈরির সাথে জড়িতরাও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
উত্তরকোণ
নওগাঁর পোরশায় কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে কেঁচো সার

