আসাদুজ্জামান টিটু, রংপুর: বসন্তের বিদায়লগ্নে ২০২৬ সালের ঈদুল ফিতরের টানা ছুটিতে উৎসবের আমেজে মেতেছে উত্তরের জনপদ। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিনোদনপ্রেমীদের ঢল নেমেছে রংপুরের অন্যতম বৃহৎ বেসরকারি পর্যটন কেন্দ্র ‘ভিন্ন জগত’-এ। গত ২১ মার্চ ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সেখানে দর্শনার্থীদের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই নেই। রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের গঞ্জিপুরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, রংপুরসহ কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর থেকে সপরিবারে ছুটে আসছেন হাজারো মানুষ। সবুজে ঘেরা মনোরম পরিবেশ আর আধুনিক সব রাইডের টানে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। এবারের ঈদে দর্শনার্থীদের প্রধান আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে নির্মিত ‘ওয়াটার পার্ক’ এবং আধুনিক ‘সায়েন্স পার্ক’। এছাড়া প্ল্যানেটোরিয়াম, ড্রাগন বোট ও রোলার কোস্টারের মতো রাইডগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। দিনাজপুর থেকে আসা এক পর্যটক দম্পতি জানান, চমৎকার আবহাওয়া এবং নতুন রাইডগুলো শিশুদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ‘ভিন্ন জগত’-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ তৌহিদ আহাম্মেদ (বাপ্পি) বলেন, “আমরা পর্যটকদের রুচি ও চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে পার্কটিকে আধুনিকায়ন করেছি। বিশেষ করে ওয়াটার পার্ক ও সায়েন্স পার্ক দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আমাদের লক্ষ্য পরিবারের সবার জন্য একটি সুস্থ ও নিরাপদ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা।” পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে পুরো এলাকায় বিশেষ নজরদারি ও নিজস্ব নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ঈদের এই আমেজ আরও বেশ কয়েক দিন বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
উত্তরকোণ
ঈদে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর রংপুরের ‘ভিন্ন জগত’

