উত্তরকোণ

রংপুর সদর উপজেলায় ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের নির্বাচনী উঠান বৈঠক

রংপুর সদর উপজেলায় ধানের শীষের সমর্থনে সনাতনী সম্প্রদায়ের নির্বাচনী উঠান বৈঠক

আসাদুজ্জামান টিটু, রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর সদর-৩ আসনে ধানের শীষের পক্ষে জোরালো জনমত সৃষ্টির লক্ষ্যে রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এক বিশাল ‘সনাতনী নির্বাচনী উঠান বৈঠক’ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বৈঠক সম্পন্ন হয়।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সদর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু।​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশ ও গণতন্ত্র আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সমৃদ্ধ রংপুর গড়তে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।” তিনি আগামীর আন্দোলনে ও নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় রংপুর জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ নেন। বক্তারা এলাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টির লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার: