উত্তরকোণ

দেশের মানুষ সুশাসন ও সংস্কারের পক্ষে রায় দিতে প্রস্তুত-আসিফ মাহমুদ

দেশের মানুষ সুশাসন ও সংস্কারের পক্ষে রায় দিতে প্রস্তুত-আসিফ মাহমুদ

আসাদুজ্জামান টিটু, রংপুর: সুশাসন, রাষ্ট্র সংস্কার ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচনী পদযাত্রা ও পথসভা করেছে ১১-দলীয় নির্বাচনী ঐক্য। রোববার সন্ধ্যায় কাউনিয়া বাসস্ট্যান্ড এবং রাতে পীরগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত পৃথক পথসভায় বক্তারা এনসিপির সদস্য সচিব ও জোট মনোনীত প্রার্থী আখতার হোসেনের পক্ষে ভোট প্রার্থনা করেন।​ শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী পদযাত্রার রংপুর পর্ব শুরু হয়। এরপর কাউনিয়া ও পীরগাছার বিভিন্ন পয়েন্টে প্রচারণা চালান জোটের শীর্ষ নেতারা। পথসভায় প্রধান বক্তা হিসেবে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “দেশের মানুষ সুশাসন ও সংস্কারের পক্ষে রায় দিতে প্রস্তুত। তবে যদি কোনো বিতর্কিত নির্বাচনের আয়োজন করা হয়, যেখানে ‘সেটেলমেন্টের’ মাধ্যমে আগে থেকেই ফলাফল নির্ধারণের চেষ্টা করা হবে—এমন কোনো পদক্ষেপ ১১-দলীয় জোট মেনে নেবে না। এ ধরনের যেকোনো অপচেষ্টা রুখতে আমরা রাজপথে কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি।” আখতার হোসেনের পক্ষে সমর্থন জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আখতার হোসেন শুধু কাউনিয়ার গর্ব নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন সবাই নীরব ছিল, তখন তিনি একাই বুক চিতিয়ে লড়াই করেছেন। সুশাসন প্রতিষ্ঠায় তার মতো নির্ভীক নেতৃত্বের প্রয়োজন।” ​প্রার্থী আখতার হোসেন তার বক্তব্যে বলেন, “শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে আমরা শোষণের অবসান ঘটাতে চাই। রংপুর-৪ আসনের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে আমি ‘শাপলা কলি’ মার্কায় আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।” অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন, মহানগর এনসিপির আহ্বায়ক চঞ্চল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন কাদেরী শান্তি, সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র সদস্য সচিব আলমগীর নয়ন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সংগঠক মাসুম বিল্লাহ এবং রংপুর মহানগর সংগঠক সোবাহান মজিব বিদ্যুৎসহ স্থানীয় নেতৃবৃন্দ। ​বক্তারা ভোটারদের উদ্দেশে বলেন, নতুন ধারার রাজনীতি ও জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে আগামী নির্বাচনে ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে দেশপ্রেমিক শক্তিকে জয়যুক্ত করা এখন সময়ের দাবি।

শেয়ার: